Apan Desh | আপন দেশ

ঢাকার ফুটপাতে দিনভর উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ১ এপ্রিল ২০২৬

ঢাকার ফুটপাতে দিনভর উচ্ছেদ অভিযান

ছবি: আপন দেশ

রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেফতার করা হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রাফিক যাত্রাবাড়ী জোনের ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় সাতজন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। 

আরও পড়ুন<<>>জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামোটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনের কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় পরিচালিত অভিযানে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়