ছবি: আপন দেশ
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এ নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন ।
মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন <<>> স্কুল টাইমে যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ
এছাড়া চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর এবং অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































