Apan Desh | আপন দেশ

১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:২৮, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৮, ৩১ মার্চ ২০২৬

১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা

ছবি: আপন দেশ

তীব্র জ্বালানি সংকটের কারণে প্রতিদিন ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে এক আলোচনা সভায় এ কথা জানায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 

সংগঠনটি জানায়, ডিপো থেকে চাহিদামত জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এমন অবস্থায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চাই আমরা।

সভায় পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে ট্যাংকার পুরোপুরি ভর্তি না করে আংশিক লোড নিয়ে পাঠানো হলে পরিবহন খরচ বেড়ে যায়। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে হয়।

আরও পড়ুন<<>>পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ

এ কারণে তারা চেম্বার পূর্ণ করে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে পরিবহন ব্যয় কমানো যায় এবং সরবরাহ আরও কার্যকর হয়। এ সময় একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রেও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

একই সঙ্গে পাম্প মালিকরা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটতে পারে, তবে সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। 

তাদের দাবি, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে, সেটি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত। এর জন্য কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। তারা বলেন, এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সহযোগিতা করা হবে এবং সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement