সালাহউদ্দিন আহমদ। ছবি: আপন দেশ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য এবং অন্য কোনো ঘটনার সঙ্গে এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সমান করার চেষ্টা হয়েছিল। তবে একাত্তরের ইতিহাস অবিসংবাদিত ও অনন্য। সবার আগে ৭১, এরপর সবকিছু— এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, যা দালিলিকভাবে প্রমাণিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও দাবি করেন। ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর চট্টগ্রাম থেকে তার ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধ শুরু হয় বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং সব কৃতিত্ব একজনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে। বিএনপি বরং সবার অবদানকে স্বীকৃতি দিতে চায় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন <<>> জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে জানাল কর্তৃপক্ষ
আলোচনা সভায় বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের অবদান রয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ পরবর্তী গণতান্ত্রিক যাত্রাকে তিনি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও রাষ্ট্র এখনো পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত হয়নি। একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার সংসদীয় রাজনীতি ও আলোচনার পথেই এগোতে চায় বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































