Apan Desh | আপন দেশ

ফ্যামিলি কার্ডের আবেদনে যা লাগবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ডের আবেদনে যা লাগবে

ছবি: সংগৃহীত

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা জোরদার করতে নতুন উদ্যোগ হিসেবে চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন সরকার এ বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে।

ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্য

এ কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেয়া হবে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদ্যমান সামাজিক নিরাপত্তা ভাতাগুলোর তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি রাখা হবে।

আবেদন প্রক্রিয়া ও তথ্য সংগ্রহ

কর্মসূচির আওতায় একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। যেখানে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে বলে আশা করছে সরকার।

প্রাথমিকভাবে দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করা হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদন করতে যা লাগবে

আবেদন প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন

পাইলট প্রকল্প শেষ হওয়ার পর ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নেয়া হচ্ছে।

প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ সহায়তা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়