আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২ প্রাথী ও তাদের সমর্থককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সতর্কবার্তাকে পাত্তা না দেয়া প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত শোকজ হওয়া এসব প্রার্থী-সমর্থকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিচ্ছে কমিশন।
সূত্র জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র অনেক হেভিওয়েট প্রার্থীকে কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কর্মকর্তাদের মামলা করারও নির্দেশ দিয়েছে ইসি।
চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ঝিনাইদহ-১ আসনের প্রার্থী (নৌকা) আব্দুল হাইসহ আরও কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ২০ দিন কারাভোগ করেছেন।
এছাড়া বরগুনা-১ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকির এপিএস মো. মাজেদুল ইসলামের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ইসির অনুমোদনের পর সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে।
আরও পড়ুন>> পিটার হাসের ভারত সফর, নানা গুঞ্জন
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচন কমিশন দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত এমন কঠোর অবস্থানে থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে বাধ্য। যেহেতু কমিশন বারবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিচ্ছে ও ব্যবস্থা নিচ্ছে। জনগণের উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া এবং নিজেদের অধিকার অনুযায়ী ভোট দেয়ার সুযোগটা নেয়া।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, প্রার্থীদের আচরণবিধি মানাতে আরও কঠোর হচ্ছে ইসি। এরই মধ্যে অনেক প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের কারণে শোকজ এবং সতর্ক করা হয়েছে। আইন অমান্য করে কেউ পার পাবে না। ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































