প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে এখন যে বাসায় থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করেছি তা তুলে নিতে হবে। আবার তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা বাংলা সংস্করণের ওয়েবসাইটে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়।
শতরূপা বড়ুয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে নিয়ে যেতে হলে তাদের আদালতে যেতে হবে, আদালত যদি রায় দেয় তখন যেতে পারবে।’
শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান। ২৭ সেপ্টেম্বর (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দেন তিনি।
আরও পড়ুন <> খালেদা জিয়া শর্ত মেনে বিদেশে চিকিৎসা করাবেন না
শেখ হাসিনা বলেন, আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দিবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের অনুমতি নিতে হবে। এখানে আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, তবে হ্যাঁ। যেটুকু করতে পেরেছি তার জন্য... সেটি হচ্ছে, আমার যতটুকু সরকার হিসেবে ক্ষমতা আছে, সেখানে তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশন দেয়া হয়েছে। এখন সে নিজেই চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেন তাদের এই স্যাংশন জানি না। যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে। এটিই তাদের ইচ্ছা। তবে তাদের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনো যৌক্তিকতা নেই।
১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন তিনি। এরপর ৪ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































