Apan Desh | আপন দেশ

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দূর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং  দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও অনিক গুরুতর আহত হন। 

আরও পড়ুন<<>>ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল ও লোহাগড়ায় র্কমরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়