Apan Desh | আপন দেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

ছবি : আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম  কাজী আশরাফ (৪৮)। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত কাজী আশরাফ এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন লোহাগড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষক মারুফ সামদানী।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার সকালে কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে মুনসুরাবাদ এলাকায় ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় কাজী আশরাফের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার পা, মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফ ঢাকায় মারা গেছেন বলে শুনেছি। নড়াইল এক্সপ্রেস বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়