ছবি : আপন দেশ
কোরবানির ত্যাগের মহিমা ও চেতনা বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী বিষয় হিসেবে স্থান পেয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে একাধিক কবি তাদের লেখায় আত্মত্যাগ, মানবতা ও আধ্যাত্মিকতার গভীর বার্তা প্রকাশ করেছেন। বিশেষ করে কোরবানির প্রকৃত অর্থ ও তাৎপর্য তুলে ধরতে রচিত কবিতাগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও আলোড়ন সৃষ্টিকারী কবিতা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কোরবানী’। কবিতাটি বাংলা ১৩২৭ বঙ্গাব্দে (১৯২১ খ্রিষ্টাব্দে) রচিত হয়। তৎকালীন সময়ে কোরবানির বিরুদ্ধে কিছু মানুষের অপপ্রচারের প্রতিবাদ এবং ত্যাগের প্রকৃত অর্থ মানুষের সামনে তুলে ধরার উদ্দেশেই তিনি এ কবিতাটি রচনা করেন। নজরুল ইসলামের এ কবিতায় কোরবানির মাধ্যমে আত্মত্যাগের মহিমা, মানবকল্যাণ এবং ধর্মীয় চেতনার গভীর দিকগুলো অত্যন্ত শক্তিশালীভাবে ফুটে উঠেছে।
সার্বিকভাবে বলা যায়, কোরবানির ত্যাগের চেতনা শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবতা ও নৈতিকতার এক গভীর শিক্ষা। বাংলা কবিতায় এ বিষয়টি বিভিন্ন কবির হাতে ভিন্ন ভিন্ন রূপ পেলেও মূল বার্তা একই—ত্যাগের মধ্যেই রয়েছে মানবজীবনের প্রকৃত মহিমা।
কোরবানী
কাজী নজরুল ইসলাম
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !
ধ্বনি উঠে রণি’ দূর বাণীর, –
আজিকার এ খুন কোরবানীর !
দুম্বা-শির রুম্-বাসীর
শহীদের শির সেরা আজি !- রহমান কি রুদ্র নন ?
ব্যাস ! চুপ খামোশ রোদন !
আজ শোর ওঠে জোর “খুন দে, জান দে , শির দে বৎস” শোন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
খন্জর মারো গর্দ্দানেই,
পন্জরে আজি দরদ্ নেই,
মর্দানী’ই পর্দা নেই,
ডরতা নেই আজ খুন্-খারাবীতে রক্ত-লুব্ধ-মন !
খুনে খেলবো খুন-মাতন !
দুনো উনমাদনাতে সত্য মুক্তি আনতে যুঝবো রণ ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
চ’ড়েছে খুন আজ খুনিয়ারার
মুসলিমে সারা দুনিয়াটার !
‘জুলফেকার’ খুলবে তার
দু’ধারী ধার শেরে-খোদার , রক্তে-পূত-বদন !
খুনে আজকে রুধবো মন
ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্ ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
আস্তানা সিধা রাস্তা নয়,
‘আজাদী মেলে না পস্তানো’য় !
দস্তা নয় সে সস্তা নয় !
হত্যা নয় কি মৃত্যুও ? তবে রক্তে লুব্ধ কোন্_
কাঁদে-শক্তি-দুস্থ শোন_
“এয়্ ইবরাহীম্ আজ কোরবানী কর শ্রেষ্ঠ পুত্র ধন !”
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এ তো নহে লহু তরবারের
ঘাতক জালিম জোরবারের
কোরবানের জোরজানের
খুন এ যে, এতে গোদ্র্দ ঢের রে, এ ত্যাগে ‘বুদ্ধ’ মন !
এতে মা রাখে পুত্র পণ !
তাই জননী হাজেরা বেটারে পরা’লো বলির পূত বসন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এই দিনই ‘মিনা’-ময়দানে
পুত্র-স্নেহের গর্দানে
ছুড়ি হেনে ‘খুন ক্ষরিয়ে নে’
রেখেছে আব্বা ইবরাহীম সে আপনা রুদ্র পণ !
ছি ছি ! কেঁপোনা ক্ষুদ্র মন !
আজ জল্লাদ নয় , প্রহ্লাদ-সম মোল্লা খুন-বদন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দ্যাখ্ কেঁপেছে ‘আরশ’ আসমানে
মন-খুনী কি রে রাশ মানে ?
ত্রাস প্রাণে ? তবে রাস্তা নে !
প্রলয় বিষাণ ‘কিয়ামতে’ তবে বাজবে কোন্ বোধন ?
সে কি সৃষ্টি-সংশোধন ?
ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্ !-
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
মুসলিম-রণ-ডঙ্কা সে,
খুন দেখে করে শঙ্কা কে ?
টঙ্কারে অসি ঝঙ্কারে,
ওরে হুঙ্কারে , ভাঙি গড়া ভীম কারা, ল’ড়বো রণ-মরণ !
ঢালে বাজবে ঝন্-ঝনন্ !
ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
জোর চাই, আর যাচনা নয়,
কোরবানী-দিন আজ না ওই ?
বাজনা কই? সাজনা কই?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্র্ধরণ ?
বল্ – “যুঝবো জান ভি পণ !”
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।