Apan Desh | আপন দেশ

আতাহার খানের তিনটি কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২ মে ২০২৬

আতাহার খানের তিনটি কবিতা

ছবি : আপন দেশ

জ্বলছি

আমি আবার পাল্টিয়ে নিই নিজেকে আজ 
সম্পূর্ণটাই, স্বভাব থেকে ঝেড়ে-মুছে
বিদায় করি সব জড়তা, ভাঙা-গড়ার গভীরে যাই,
তার পরে ঠিক বুক ফুলিয়ে জেগে উঠি,  
সারা দেহে খেলছে এখন আবেগঘন জলতরঙ্গ।

সুতীক্ষ্ম এক পেশির কাঁপন
ঢেউ তুলেছে মাটির ওপর, চোখের তারায় 
খানিকটা রাগ জড়িয়ে নিই, জ্বলছি এখন,  
হেমবজ্রপাত হয়ে জ্বলছি এলোমেলো,
বয়ঃসন্ধির দাহ মেলে ছড়িয়ে দিই সকাল দুপুর
গ্রহণযোগ্য আলো জ্বলছে চতুর্দিকে, দেখতে পাচ্ছো?

রূপা

ইচ্ছেগুলো বড্ড একরোখা,
ভাঙে এবং গড়ে নানান বাধা,
দু চোখে জমে কত স্মৃতির কাদা,
যায় না আর ঘন আবেগ রোখা!

সুতোয় বাঁধা রোদ ঝরানো হাসি,
এলানো মুখ, দেখা পাবো কী তার!
আশায় জ্বলে স্বপ্ন বারবার,
চলুন দেখি, আলোর মেঘে ভাসি!

লতানো ঘাসে ডুবে যাচ্ছে দু পা;
কোথায় তাকে খুঁজবো আমি আজ,
ক্লান্তি জমে, বাড়ে না তার ঋণ,
নিপুণ হাতে সূক্ষ্ম কারুকাজ,
হাজারো রঙে সাজানো পুরো দিন,
ব্যর্থ আমি, চেনা যায়নি রূপা!

শোধ

থামছে না আর চিন্তার মাঝে অস্থির হাঁটাহাঁটি,
কেন এত ক্রোধ, অগ্নিশিখার বেয়াদব বিদ্রোহ?
ছড়াচ্ছো দাহ? ক্রোধে জ্বলে-পুড়ে হই শুধু ছারখার,
স্বস্তি কোথায়, দুশ্চিন্তারা হানা দেয় চারপাশে,
শরীর কাঁপছে, মন এলোমেলো, সুখ আজ পরবাসে,
রাত শেষে আসে ঝিমানো সকাল, রোদে নেই সেই ধার,
মিলবে কি আর আশায় বসতি, কেটে যাবে সব মোহ?
শান্তির খোঁজে তবু চলে তার দ্বন্দ্বের কাটাকাটি।

অধিকার আর স্বত্বে মোড়ানো উজ্বল অবরোধ
চলছে এখন, বুক জুড়ে আছে দুর্বার ভালোবাসা
গন্ধ ছড়ায়, সাবধানী চোখে অনন্ত প্রেম ভরা,
আয়োজন শেষ, প্রস্তুত দেখো কিন্নরী-অপ্সরা,
সাজায় যত্নে ঘর-পালঙ্ক, স্বপ্নে গভীর আশা, 
হিসাব কষছো? সব ঋণ আজ করে যাবো পরিশোধ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়