ছবি : আপন দেশ
ক্ষয়ের আগে ইতি
যে গল্পের শেষে নেই কোনো চেনা গন্তব্য,
তাকে মাঝপথে মুক্তি দেয়াই তো ভালো;
অহেতুক মায়ায় মিছে প্রদীপ জ্বালিয়ে রাখলে—
নিজেরই ভেতর শুধু বাড়ে দাহ আর কালো।
শুরুটা ছিল মায়াবী এক ভোরের মতো,
হাসি, কথা আর অভিমানের রঙিন চাদর;
ভেবেছিলাম এই পথ যাবে বহুদূর—
অফুরান থাকবে অমলিন সেই আদর।
কিন্তু সময় বলে দেয়- সব গল্প পূর্ণতা পায় না,
কিছু বিরতি আসে কেবলই থেমে যাওয়ার তরে;
জোর করে ধরে রাখলে বাড়ে শুধু যাতনা—
সুন্দর স্মৃতিগুলোও তখন বিষাদ হয়ে ঝরে।
হৃদয়টা তিল তিল করে ভেঙে যাওয়ার আগে,
সাহস করে একলা পথ চলাই বরং শ্রেয়;
সম্ভাবনা যেখানে মৃত, সেখানে ইতি টেনে—
পুরোনো সেই সুন্দরটুকু স্মৃতির সিন্দুকে থুয়ে দিও।
থেমে গেলে অন্তত মলিন হয় না সেই মুখ,
ক্ষয় হওয়ার চেয়ে বিচ্ছেদ হোক সাহসের গান;
গল্পের শেষটা না হয় একটু অসম্পূর্ণ থাক—
বেঁচে থাকুক অন্তত হৃদয়ের সেই মান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































