Apan Desh | আপন দেশ

আশিষ বড়ুয়া উজ্জ্বলের দুটি কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৩০ মার্চ ২০২৬

আশিষ বড়ুয়া উজ্জ্বলের দুটি কবিতা

ছবি: আপন দেশ

আশিষ বড়ুয়া উজ্জ্বলের দুটি কবিতা 

মুখোশ ও মানুষ

আমি মিথ্যার বিষে নীল হইনি কভু,
ঘৃণা করিনি ছায়ার সেই কালো মায়া-
কারণ আঁধার তো স্বভাবের এক বিভা,
সে তো রচে না কোনো মিথ্যে ছায়া।

আমি ঘৃণা করি সেই নিপুণ কারিগরকে,
যে সত্যের গায়ে পরায় মিথ্যার সাজ-
যার হাসির আড়ালে লুকানো ধারালো ছুরি,
আর পলকে পাল্টায় বহুরূপী রূপ-লাজ।

মিথ্যা তো কেবল এক শব্দ বা এক ভ্রম,
তার নিজের নেই কোনো প্রাণ বা শক্তি-
কিন্তু যে মানুষটি তাকে লালন করে মনে,
সে-ই তো কেড়ে নেয় আমাদের সব ভক্তি।

আমি ঘৃণা করি সেই চতুর জাদুকরকে,
যে বিশ্বাসের ঘরে সিঁধ কাটে পরম সুখে-
মিথ্যাকে যে আপন ভূষণ করে হাসে,
আর বিষের বীজ বুনে দেয় অন্যের বুকে।

মিথ্যা তো মরে যায় সত্যের এক ঘায়ে,
কিন্তু মিথ্যাবাদী বেঁচে থাকে নতুন ছলে-
তাই সত্যের চেয়ে সেই মানুষটিই ভয়ঙ্কর,
যে মিথ্যার তরী চালায় আপন কৌশলে।


কর্মের প্রতিধ্বনি

অন্ধকারের নিভৃত কোণে বা গহন সিন্ধু তলে,
নিস্তার নেই তিল পরিমাণ-যা করেছ আঁখিজলে।
বীজ বপনের ক্ষণটি যখন অলক্ষ্যে যায় বয়ে,
মহাকাল তার হিসেব মিলায় আপন অমোঘ সয়ে।

তথাগত কন-শোনো হে মর্ত্য, শোনো হে কর্মবীর,
মনই সারথি, মনই অগ্রজ-নিত্য ও অস্থির।
মলিন চিত্তে ভাষণ দিলে কিংবা করিলে কাজ,
দুঃখ আসিবে চাকার মতন, ঘুরিবে তোমার মাঝ।

শকট-চক্র যেমন অনুগ বলদ-পদচিহ্নে,
অকুশল কর্ম ঘুরিবে তেমনি জনমে জনমে বিন্নে।

শুভ্র চিত্তে সেবিলে জগত মৈত্রী-করুণা দানে,
শান্তি আসিবে ছায়ার মতন তোমার পরান পানে।
ছায়া যেমন কভু তনু ছেড়ে যায় না অজানায়,
কুশল কর্ম তেমনি তোমায় রাখিবে শীতলতায়।

অনিত্য এই ভবের হাটে বৃথা এ মায়া-ঘোর,
আপন কর্মে প্রদীপ জ্বালো, ঘুচুক রজনী ভোর।
যেমন কর্ম-তেমনি ফলন, এ নহে কেবল বাণী,
নির্বাণ-পথে মুক্তির চাবিকাঠি-মহামুনি দেন জানি।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়