Apan Desh | আপন দেশ

শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনা, একাদশে যত কাটাছেঁড়া

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪০, ১৬ জুন ২০২৬

শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনা, একাদশে যত কাটাছেঁড়া

ছবি : সংগৃহীত

আলজেরিয়া বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযানের নামছে আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ধাপে লিওনেল স্কালোনির একাদশ মোটামুটি চূড়ান্ত হলেও কয়েকটি পজিশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে।

সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে গোলপোস্ট থেকে। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচের কিছু অংশ এবং কয়েকটি অনুশীলনে পুরোপুরি অংশ নিতে পারেননি তিনি। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ গোলরক্ষক। ফলে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই গোলবারের নিচে দেখা যাওয়ার কথা তার।

রক্ষণভাগেই স্কালোনিকে নিতে হচ্ছে সবচেয়ে বেশি সিদ্ধান্ত। রাইটব্যাক পজিশনে গনসালো মন্টিয়েল ও নাহুয়েল মলিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। দুজনই সাম্প্রতিক সময়ে পেশির সমস্যায় ভুগেছেন। আলাদা অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছেন। সর্বশেষ অনুশীলনের ইঙ্গিত বলছে, মন্টিয়েল সামান্য এগিয়ে থাকলেও ম্যাচের প্রয়োজন অনুযায়ী দুজনকেই ব্যবহার করা হতে পারে।

সেন্টারব্যাকেও রয়েছে ধোঁয়াশা। চোট কাটিয়ে ফিরেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। তার পাশে কে খেলবেন, সেটিই এখন প্রশ্ন। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নাকি লিসান্দ্রো মার্টিনেজ এ দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। অভিজ্ঞতার পাল্লায় ওতামেন্দি এগিয়ে থাকলেও বল নিয়ে রক্ষণ থেকে আক্রমণে ওঠার দক্ষতা এবং আগ্রাসী ডিফেন্ডিংয়ের কারণে লিসান্দ্রোও শক্ত প্রতিদ্বন্দ্বী।

লেফটব্যাকে পরিস্থিতি আরও জটিল। নিকোলাস তাগলিয়াফিকো হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের কাফে চোট পান। তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ফলে বিকল্প হিসেবে সামনে চলে এসেছেন ফাকুন্দো মেদিনা। মূলত সেন্টারব্যাক হলেও প্রয়োজনে ফুলব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। বিশ্বকাপ দলে তাকে অন্তর্ভুক্ত করার পেছনেও এ বহুমুখী সামর্থ্যের বিষয়টি বিবেচনায় ছিল।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ 

অবশ্য আরেকটি সম্ভাবনাও খোলা রয়েছে। লিসান্দ্রো মার্টিনেজকে লেফটব্যাকে খেলিয়ে ওতামেন্দিকে রোমেরোর পাশে সেন্টারব্যাকে নামাতে পারেন স্কালোনি। তবে রক্ষণে ভারসাম্য বজায় রাখার চিন্তা থেকে মেদিনাকেই লেফটব্যাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

মাঝমাঠে অবশ্য বড় কোনো চমক দেখা যাওয়ার সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়েই আর্জেন্টিনার পরিচিত ত্রয়ী গঠিত হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপজয়ী এ মাঝমাঠ এখনও স্কালোনির সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। তাদের সামনে আক্রমণাত্মক ভূমিকা পালন করবেন থিয়াগো আলমাদা। ডি মারিয়ার অবসরের পর ডান দিক ও আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের সংযোগ তৈরির দায়িত্ব বেড়েছে আলমাদার ওপর।

আক্রমণভাগের কেন্দ্রে থাকছেন লিওনেল মেসি। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরেই আবর্তিত হবে দলের আক্রমণ পরিকল্পনা। তার সঙ্গে শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে আছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এ স্ট্রাইকার সাম্প্রতিক ফর্মের কারণে এগিয়ে আছেন হুলিয়ান আলভারেজের চেয়ে।

আলভারেজ পুরোপুরি ফিট হলেও গোড়ালির সমস্যার কারণে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচ মিস করেছিলেন। সে কারণেই তাকে শুরু থেকেই না নামিয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারেন স্কালোনি। প্রয়োজনে আক্রমণে গতি বাড়াতে কিংবা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে বেঞ্চ থেকে নামানো হতে পারে ম্যানচেস্টার সিটির এ ফরোয়ার্ডকে।

তবে আর্জেন্টিনা জানে, বিশ্বকাপের প্রথম ম্যাচ কখনোই সহজ নয়। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাদের। সে অভিজ্ঞতা থেকেই আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। আফ্রিকান দলটির গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত পাল্টা আক্রমণের সামর্থ্য বিশ্বচ্যাম্পিয়নদের সতর্ক রাখছে।

কাগজে-কলমে অবশ্য এগিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। এমিলিয়ানো মার্টিনেজের ফেরা, মেসির নেতৃত্ব, পরীক্ষিত মাঝমাঠ এবং লাউতারোর দুর্দান্ত ফর্ম সব মিলিয়ে শক্তিশালী এক দল নিয়েই শিরোপা রক্ষার অভিযান শুরু করতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা। এখন শুধু অপেক্ষা, শেষ মুহূর্তে রাইটব্যাক, সেন্টারব্যাক ও লেফটব্যাকের ধোঁয়াশা কাটিয়ে কোন একাদশ নিয়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামেন আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্টিনেজ; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়