ছবি: আপন দেশ
চা অনেকেরই প্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা দিয়ে দিন শুরু করেন অনেকেই। আবার কাজের ফাঁকে, আড্ডায় কিংবা সন্ধ্যায়ও চায়ের কাপে চুমুক দেন অসংখ্য মানুষ।
তবে চা উপকারী হলেও দুধ চা নিয়ে সতর্ক করছেন পুষ্টিবিদরা। তাদের মতে, নিয়মিত দুধ চা পান করলে ওজন বাড়ার ঝুঁকি থাকতে পারে।
ভারতের হাওড়া নারায়ণা হাসপাতালের পুষ্টিবিদ রাখি চ্যাটার্জি বলেন, চা নিজে খারাপ নয়। কিন্তু বেশি পরিমাণে বা দুধ ও চিনি মিশিয়ে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
তার মতে, দুধ চায়ে দুধের সঙ্গে চিনি যোগ করা হয়। এতে এটি উচ্চ ক্যালোরিযুক্ত পানীয়তে পরিণত হয়। ফুল ক্রিম দুধ ও এক চা-চামচ চিনি দিয়ে তৈরি এক কাপ চায়ে প্রায় ৭০ ক্যালোরি থাকে। দিনে চার কাপ দুধ চা পান করলে প্রায় ২৮০ ক্যালোরি গ্রহণ করা হয়। এতে ধীরে ধীরে ওজন বাড়তে পারে।
পুষ্টিবিদ আরও জানান, দুধ চা তৈরির সময় দীর্ঘক্ষণ ফুটানো হয়। এতে চা থেকে বেশি পরিমাণ ট্যানিন বের হয়। অতিরিক্ত ট্যানিন শরীরের জন্য ভালো নয়। এটি চায়ের উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও কমিয়ে দিতে পারে।
তার মতে, অতিরিক্ত ট্যানিন হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। বিপাকক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত দুধ চা পান না করাই ভালো।
আরও পড়ুন <<>> মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব
তবে একান্তই দুধ চা খেতে চাইলে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাখি চ্যাটার্জি। তিনি বলেন, কম চর্বিযুক্ত বা ফ্যাটমুক্ত দুধ ব্যবহার করা উচিত। চিনি না দিয়ে সুগার-ফ্রি ব্যবহার করা যেতে পারে। গুঁড়া দুধ এড়িয়ে চলাই ভালো, কারণ এতে অতিরিক্ত চিনি থাকতে পারে।
পুষ্টিবিদের মতে, এসব নিয়ম মেনে দুধ চা তৈরি করলে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
আপন দেশ/এসএস




































