ছবি : সংগৃহীত
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেল। তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব তেনেরিফের স্ট্রাইকার ছিলেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে তার ক্লাব তেনেরিফে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় সকাল আটটায় মারা যান দে মিগেল। মাত্র ৩০ বছর বয়সে মারা গেছেন এ স্প্যানিশ ফুটবলার।
আগের দিন সোমবার (০২ নভেম্বর) স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার মুখোমুখি হয়েছিল তেনেরিফে। ম্যাচের শেষ দিকে মাঝমাঠে একটি বলের দখল নিতে গিয়ে আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। বিপদ বুঝে নিজের গোলপোস্ট ছেড়ে অনেকটা সামনে এগিয়ে এসেছিলেন নিরক্ষীয় গিনির জাতীয় দলের এ গোলরক্ষক।
বলের দখল নিতে গিয়ে ওওনোর হাঁটু আঘাত করে দে মিগেলের বুকে। সংঘর্ষের পর মাঠে লুটিয়ে পড়েন তেনেরিফের এ ফরোয়ার্ড। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত চিকিৎসকদের মাঠে ডাকা হয়।
মাঠেই কয়েক মিনিট চিকিৎসা দেয়ার পর অ্যাম্বুলেন্সে করে দে মিগেলকে হাসপাতালে নেয়া হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালে নেয়ার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। চিকিৎসকদের চেষ্টায় আবার হৃদ্স্পন্দন ফিরলেও জ্ঞান ফেরেনি।
তাকে ভর্তি করা হয় তেনেরিফের ইউনিভার্সিটি হসপিটাল নুয়েস্ত্রা সেনোরা দে লা কান্দেলারিয়ায়। শুরুতে শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছিল। তবে রাতের দিকে তার স্নায়বিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে মৃত্যুর কাছে হার মানেন এ স্প্যানিশ ফুটবলার।
আরও পড়ুন <<>> আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
দে মিগেলের গুরুতর চোটের পর ম্যাচটি আর শেষ করা হয়নি। দুই দলের খেলোয়াড়দের উদ্বেগের মধ্যে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। সংঘর্ষের ঘটনায় আন্দোরার গোলরক্ষক ওওনোকে সরাসরি লাল কার্ডও দেখানো হয়।
ফুটবলারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তেনেরিফে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, গভীর বেদনা আর অবিশ্বাস নিয়ে আমরা হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। এ শোক প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। কোনো কিছুই আমাদের এ গভীর দুঃখ কমাতে পারবে না। আমরা তার শোকাহত পরিবার, স্বজন ও বন্ধুদের পাশে আছি। তেনেরিফের সমর্থকেরাও আজ এ মর্মান্তিক ঘটনায় শোকাহত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































