Apan Desh | আপন দেশ

ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৩, ২ নভেম্বর ২০২৬

ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: আপন দেশ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও রাজধানীর মিরপুরে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

বিক্ষোভের এক পর্যায়ে পোশাক শ্রমিকরা যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আশপাশের আবাসিক এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে। 

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এদিকে সকালে আবারও পোশাক শ্রমিকরা মিরপুর-১০ এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পোশাকশ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে।

পরবর্তী সময়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন<<>>পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী রাজিব দাস আটক

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল আমরা তাদের সরিয়ে দিয়েছি।

গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বলে জানা গেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া।

তিনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমালের যেন ক্ষতি না হয় সে লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অনন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা গত কয়েকদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্স, কারখানা গুদাম ও একটি গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক। হামলা হয়েছে সাংবাদিকের ওপরও। আটকরা হয়েছেন বেশ কয়েকজন। আন্দোলনের কারণে প্রায় ১০০ কারখানা সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়