Apan Desh | আপন দেশ

গরমে শিশুদের সুস্থ রাখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৯, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৯, ২০ এপ্রিল ২০২৬

গরমে শিশুদের সুস্থ রাখতে করণীয়

ছবি : সংগৃহীত

বৈশাখের শুরুতেই দেশে তীব্র গরম পড়েছে। এ গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। তাই তাদের সুস্থ রাখতে বাড়তি যত্ন প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। গরমে নিয়মিত সাবান দিয়ে গোসল করাতে হবে। গোসলের পর শরীর ভালোভাবে মুছে হালকা পাউডার ব্যবহার করলে ঘামাচি কমে।

খাবারের দিকেও নজর দিতে হবে। শিশুকে পুষ্টিকর ও শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে। পর্যাপ্ত পানি ও ফলের জুস খাওয়ানো প্রয়োজন। অতিরিক্ত গরমে দুর্বলতা এড়াতে মাঝে মাঝে খাবার স্যালাইন দেয়া যেতে পারে।

পোশাকের ক্ষেত্রেও সতর্কতা দরকার। শিশুকে সুতি, পাতলা ও নরম কাপড়ের পোশাক পরানো উচিত। এতে শরীর আরাম পায়। তীব্র গরমে শিশুকে যতটা সম্ভব বাইরে না নেয়াই ভালো। ধুলাবালি থেকেও দূরে রাখতে হবে। বাইরে গেলে রোদ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন <<>> পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

শিশু ঘেমে গেলে দ্রুত ঘাম মুছে দিতে হবে। শরীরে ঘাম শুকিয়ে গেলে ঠাণ্ডা লেগে জ্বর হতে পারে। জ্বর হলে অনেক সময় নিজে থেকেই সেরে যায়। তবে দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গরমে শিশুর চুল ছোট করে রাখলে সে স্বস্তি পায়। বড় চুলে ঘাম বেশি হয় এবং শুকাতে সময় লাগে। এছাড়া শিশুর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। ঘরের ফ্যান বা এসির তাপমাত্রা এমন রাখতে হবে, যাতে সে আরাম বোধ করে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়