আমড়া বাংলাদেশের একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর ফল। এটি শুধু সুস্বাদুই নয়, বিভিন্ন পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। যা আমাদের শরীরের জন্য নানান উপকার বয়ে আনে। আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। আসুন জেনে নিই আমড়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা।
ভিটামিন সি-তে সমৃদ্ধ
আমড়ায় থাকা ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সর্দি-কাশি এবং অন্যান্য সাধারণ রোগ থেকে রক্ষা পেতে সহায়তা করে।
হাড় ও দাঁতের মজবুতিতে সহায়ক
আমড়ায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করতে ভূমিকা রাখে। এটি শিশু ও বৃদ্ধদের হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী।
হজমশক্তি বৃদ্ধি করে
আমড়া একটি ভালো ফাইবার উৎস। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত আমড়া খেলে হজমের সমস্যা কমে আসে।
চর্ম রোগ প্রতিরোধে সহায়ক
আমড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চর্মের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বলিরেখা, শুষ্কতা কমাতে সহায়তা করে।
রক্তস্বল্পতা প্রতিরোধ
আমড়ায় থাকা লৌহ উপাদান রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। এটি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
আমড়ায় ক্যালরির পরিমাণ কম। তাই এটি ওজন কমাতে ইচ্ছুকদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এতে থাকা ফাইবার খাবার হজমে সময় বেশি নেয়। যা দীর্ঘ সময় ক্ষুধা কমাতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
আমড়ার পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হৃদরোগের ঝুঁকিও হ্রাস করে।
ক্যান্সার প্রতিরোধ
আমড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে।
শরীরকে ঠাণ্ডা রাখতে সহায়ক
গরমের সময় আমড়া খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
সাধারণত আমড়া আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সহজেই যুক্ত করা যায়। এটি নানা উপায়ে খাওয়া যায় যেমন কাঁচা, আচার বা সালাদে। সহজলভ্য ও পুষ্টিকর এ ফলটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি নিয়মিত খেলে শরীরের নানা সমস্যা দূর হতে পারে।
আপন দেশ/অর্পিতা




































