ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার (২৮ মে)। ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে কোরবানির দিনের আবহাওয়া নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বুধবার (২৭ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। অন্য বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কমতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন<<>> দুপুর ১টার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের আভাস
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্য বিভাগগুলোর দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































