ছবি : আপন দেশ
পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে মাত্র ৫টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ২৩টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়।
মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইলিয়াস জানান, হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে মাঝনদীতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া এখনো নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি
তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিক ডুবুরি দল নামানো সম্ভব হয়নি। আবহাওয়া স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































