Apan Desh | আপন দেশ

কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষায় যা করবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২৬ মে ২০২৬

কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষায় যা করবেন

ছবি: আপন দেশ

কোরবানির পশু বাড়িতে আনার পর স্বাস্থ্য সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। সঠিক পরিচর্যা না করলে পরিবহণের ক্লান্তি ও আবহাওয়ার পরিবর্তনে পশু অসুস্থ হয়ে পড়তে পারে। এতে কোরবানির সময় দুশ্চিন্তা বাড়ে।

প্রথমেই পশুকে কোনোভাবে হেঁটে না এনে গাড়িতে করে আনার পরামর্শ দেয়া হয়। বাড়িতে আনার পর পশুকে শুকনো, পরিষ্কার, ছায়াযুক্ত এবং বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে। একই সঙ্গে বৃষ্টি থেকে সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।

পশুকে অন্তত ৫-৬ ঘণ্টা বিশ্রাম দিতে হবে। এ সময়ের মধ্যে কোনো খাবার দেয়া যাবে না। তবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিতে হবে।

যদি বাড়িতে অন্য পশু থাকে, তবে নতুন পশুটিকে আলাদা করে রাখতে হবে। এতে রোগ সংক্রমণের ঝুঁকি কমে। পশুর মলমূত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

বাড়িতে আনার পর পশুর পা পটাশ মিশ্রিত পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে।

অতিরিক্ত গরমে অনেক সময় গরুর পেট ফেঁপে যেতে পারে এবং খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থায় খাওয়ার সোডা, আদা ও কালোজিরার মিশ্রণ অথবা বাজারে পাওয়া অ্যান্টি-ব্লোট লিকুইড ব্যবহার করা যেতে পারে। জাইমোভেট নামের পাউডারও দেয়া যায়।

পশুকে হঠাৎ বেশি খাবার না দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনতে হবে। কাঁচা ঘাস ও খড় সবচেয়ে নিরাপদ খাদ্য হিসেবে ধরা হয়।

আরও পড়ুন <<>> সুস্থ গরু চেনার উপায়

দীর্ঘ পথ চলার কারণে পশুর জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এ অবস্থায় তাকে বিশ্রামে রাখতে হবে এবং পর্যাপ্ত পানি দিতে হবে। পানির সঙ্গে স্যালাইন মিশিয়ে দিলে তা উপকারী হতে পারে। জ্বর হলে পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া যেতে পারে।

তীব্র গরম ও আর্দ্রতায় পশুর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে পশু বারবার হাঁপাতে থাকে, মুখ দিয়ে লালা ঝরতে পারে এবং গুরুতর অবস্থায় জ্ঞান হারাতে পারে। এ ক্ষেত্রে পশুকে দ্রুত ছায়াযুক্ত ও শীতল স্থানে নিতে হবে। মাথা ও শরীরে বারবার ঠান্ডা পানি দিতে হবে।

অনেক সময় পরিবহণের সময় পশুর শরীরে কাটা বা আঘাত লাগতে পারে। হালকা ক্ষত হলে আয়োডিন ব্যবহার করা যায়। তবে গভীর ক্ষত হলে অবশ্যই পশুচিকিৎসকের পরামর্শ নিতে হবে। পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি বা প্রচলিত সিভিট ব্যবহার করা যেতে পারে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়