Apan Desh | আপন দেশ

ধর্ষণসহ ভিডিও ধারণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:১৫, ১০ আগস্ট ২০২৬

ধর্ষণসহ ভিডিও ধারণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আসামিরা ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করা হয়।

তিনি বলেন, পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। স্বামী-সন্তানকে হত্যার হুমকি ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আশকর আলী ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আশকর আলী ও জাহিদুল ইসলাম জোরপূর্বক তার বসতঘরে প্রবেশ করেন। জাহিদুলের সহযোগিতায় আশকর আলী আবারও ওই নারীকে ধর্ষণ করেন।

একপর্যায়ে তার স্বামী বাড়িতে ফিরে ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিলে আসামিরা স্বামী-স্ত্রী দুজনকেই মারধর করেন।

তাদের চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়। এসময় আসামিরা মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করেন এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

আরও পড়ুন <<>> মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মাওলানা আযাদের আপিল

আইনজীবী ফজলুল হক আরও জানান, ঘটনার পর কোনো উপায় না পেয়ে ২০২২ সালের ১০ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূর ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেন।

পরে তদন্ত শেষে পুলিশ আশকর আলী ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়