Apan Desh | আপন দেশ

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক

ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এর ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) ২ নেতার এ বৈঠকে ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ভিয়েতনাম ব্রিকসের ১০টি অংশীদার দেশের একটি। ভারতের সভাপতিত্বে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। 

এবারের সম্মেলনের মূল স্লোগান হলো ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’। উন্নয়ন, টেকসই ব্যবস্থা ও নতুন প্রযুক্তিকে এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও ভিয়েতনামের মধ্যে উন্নত বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব রয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার ওপর এ সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুন: হুতিদের ওপর সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা শুরু

বর্তমানে দুই দেশের সহযোগিতা শুধু ঐতিহ্যগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি আর্থিক প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন নতুন ক্ষেত্রেও সহযোগিতা বাড়ছে।

বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপক্ষীয় মঞ্চেও ভারত ও ভিয়েতনাম ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভয়েস অব ভিয়েতনাম জানিয়েছে, ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার সুযোগ হিসেবে ব্রিকস সম্মেলনকে দেখছে হ্যানয়। একই সঙ্গে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো বাড়াতে চায় দেশটি।

ব্রিকস সম্মেলনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার দেশের অবস্থান ও প্রস্তাব তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত মে মাসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম রাষ্ট্রীয় সফরে ভারত আসেন।

ওই সফরে দুই দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘উন্নত বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করতে সম্মত হয়। দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি, কৌশলগত মিল এবং বাস্তব সহযোগিতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর লক্ষ্য ছিল দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও সদিচ্ছাকে আরও বাস্তব এবং দৃশ্যমান সহযোগিতায় রূপ দেয়া। 

এর ফলে প্রতিরক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-ভিয়েতনাম সহযোগিতা আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়