Apan Desh | আপন দেশ

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১২ জুন ২০২৬

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১২ জুন) বিশ্ববাজারে তেলের দামে পতনের ধারা দেখা গেছে। 

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে শুক্রবার সকালে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে। 

একই সময়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারের জন্য নির্ধারিত ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ডব্লিউটিআই ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়ে ৮৬ ডলার ৪৮ সেন্টে বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন<<>>ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ২২ দেশ

হঠাৎ করে তেলের দামের এ বড় পতনের ফলে চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের প্রধান দুটি মানদণ্ডই বড় ধরনের সাপ্তাহিক লোকসানের মুখে পড়েছে। পুরো সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের সামগ্রিক দাম কমেছে প্রায় ৪ দশমিক ২ শতাংশ এবং আমেরিকার ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। 

বাজার বিশ্লেষকদের মতে ওমান উপকূল ও হরমুজ প্রণালি ঘিরে যে চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, ট্রাম্পের হামলা বাতিলের এ আকস্মিক ঘোষণা সেটিকে অনেকটাই শিথিল করেছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে পণ্য বাজারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়