ছবি সংগৃহীত
মিয়ানমারের উত্তরাঞ্চলে শান রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। রোববার (৩১ মে) চীন সীমান্তের কাছে অবস্থিত নামখাম টাউনশিপের কাওং টাট গ্রামে এ প্রাণঘাতী ঘটনা ঘটে।
গ্রামটি নিয়ন্ত্রণকারী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনিশিল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক উপাদান দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>নিজস্ব শাহেদ ড্রোন তৈরির পথে সৌদি আরব
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বিস্ফোরণটি ঘটে। টিএনএলএ এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। তবে বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন।
এক টেলিগ্রাম বার্তায় টিএনএলএর রাজনৈতিক শাখা পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে।
এদিকে, বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































