ছবি: সংগৃহীত
রাস্তায় নামাজ আদায়ের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর প্রতিবাদে কলকাতার পার্ক সার্কাসে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
রোববার (১৭ মে) বিক্ষোভ চলাকালীন একদল লোক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাসের সাত মাথার মোড়ে এ বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের জেরে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার উপক্রম হয়। পরে পুলিশ এবং সিআরপিএফ-এর একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।
এসময় উভয় পক্ষের মধ্যে সহিংস হাতাহাতি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাথর। পাথর নিক্ষেপের কারণে সেখানে দাঁড়িয়ে থাকা একটি সিআরপিএফ বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে আজান এবং নামাজের ওপর প্রশাসনের জারি করা নানাবিধ কড়াকড়ি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর পাশাপাশি ওই এলাকার তথাকথিত অবৈধ স্থাপনা বা নির্মাণ উচ্ছেদে সরকারের সিদ্ধান্তের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগে থেকেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল।
আরও পড়ুন <<>> একদিনে ইউক্রেনের এক হাজার ১১৫ সেনা নিহত
এর আগে শুক্রবার কলকাতার রাজাবাজার এলাকাতেও একই ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। সাম্প্রতিক নিষেধাজ্ঞা অমান্য করে মুসলমানরা রাস্তায় জুমার নামাজ আদায়ের চেষ্টা করলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের রাস্তা খালি করার নির্দেশ দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের যুক্তি, তারা বহু বছর ধরে এ ঐতিহ্য মেনে রাস্তায় নামাজ পড়ে আসছেন। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জনসাধারণের চলাচলের রাস্তা ফাঁকা রাখা বাধ্যতামূলক।
বিজেপি দলীয় সূত্র জানায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মুসলমানদের নামাজ কেবল মসজিদের ভেতরেই আদায় করতে হবে। কলকাতার ঐতিহাসিক রেড রোডসহ কোনও সরকারি রাস্তায় এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































