Apan Desh | আপন দেশ

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৮:৫৬, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৫৮, ১১ এপ্রিল ২০২৬

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আবারও কাজ করছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এ দাবি পুনরায় ভারতের কাছে উত্থাপন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফরে যাবেন।

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন তিনি। এরপর তিনি ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাসে যান।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটিই ছিল ভারত ও বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

খলিলুর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আগেই আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে। দিল্লির বৈঠকেও সে দাবি পুনরায় তুলে ধরা হয়েছে। তবে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এর মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরাতে আনুষ্ঠানিক আবেদন করেছিল। বর্তমান সরকারও সে প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে খলিলুর রহমান বলেন, সফরটি নিশ্চিত। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি জানান, তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে চিঠি বিনিময় করেছেন এবং ফোনে কথা বলেছেন। দুই দেশই সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

আরও পড়ুন <>> ওয়াশিংটনের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়ে আলোচনায় ইরান

দিল্লির বৈঠকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেয়েছে।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক এবং বিমসটেককে সক্রিয় করার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধান হলে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

এদিকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। এক বিবৃতিতে তারা জানায়, দ্বিপাক্ষিক মেকানিজমের মাধ্যমে অংশীদারত্ব আরও জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে। শিগগিরই পরবর্তী বৈঠক আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়