Apan Desh | আপন দেশ

বাংলাদেশি নারীকে হত্যার বিষয়ে কী বলছেন ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১০, ১১ এপ্রিল ২০২৬

বাংলাদেশি নারীকে হত্যার বিষয়ে কী বলছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন হত্যাকাণ্ড ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় মন্তব্য করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২ এপ্রিল ফ্লোরিডায় নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে নিলুফার ইয়াসমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্ট দেন। সেখানে তিনি হামলার সিসিটিভি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিকে তিনি জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হত্যাকারীকে ‘পশু’ বলে আখ্যা দেন।

একই পোস্টে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, বাইডেন প্রশাসনের নীতির কারণে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অপরাধপ্রবণ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিচ্ছে। তিনি হাইতিয়ান নাগরিকদের জন্য চালু থাকা অস্থায়ী সুরক্ষা কর্মসূচিরও সমালোচনা করেন। এ কর্মসূচি বাতিলের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন <<>> আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উল্লেখ্য, প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান নাগরিক এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে এ কর্মসূচি বাতিলের ট্রাম্প প্রশাসনের উদ্যোগ চলতি বছরের শুরুতে এক ফেডারেল বিচারক স্থগিত করেন।

অন্যদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, অভিযুক্তকে গ্রেফতারে অভিবাসন কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। তাদের তথ্য অনুযায়ী, জোয়াচিন ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। একই বছর তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি হয়। পরে তিনি অস্থায়ী সুরক্ষা কর্মসূচির আওতায় থাকার অনুমতি পান, যা ২০২৪ সালে শেষ হয়।

এদিকে, এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইয়াসমিনের স্মরণে ঘটনাস্থলের পাশের একটি গ্যাস স্টেশনের বাইরে অস্থায়ী স্মৃতিচিহ্ন স্থাপন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়