Apan Desh | আপন দেশ

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৩, ১৪ মার্চ ২০২৬

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। শনিবার (১৪ মার্চ) এ হামলা চালানো হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপিকে এক কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’

নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। 

ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।

এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম

এর আগে শুক্রবার (১৩ মার্চ) দূতাবাসের পক্ষ থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং তারা আবার এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement