ছবি: সংগৃহীত
ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এখনো নির্বাচিত নেতার নাম প্রকাশ করা হয়নি। রোববার (০৮ মার্চ) এ তথ্য জানান আহমাদ আলামোলহোদা। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্ধারিত হয়েছেন। তার বক্তব্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মেহর নিউজ এজেন্সি।
আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছেন। তবে এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। এ ঘোষণা দেয়ার দায়িত্ব রয়েছে পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।
এদিকে আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, পরিষদের আরেক সদস্য মোহসেন হায়দারি বলেছেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন <<>> ‘শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান’
অ্যাসেম্বলি অব এক্সপার্টস হলো ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল। জনপ্রিয় ভোটে নির্বাচিত এ পরিষদই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে।
পরিষদের এক সদস্য জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেয়া পরামর্শ অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হয়েছে। সে পরামর্শ ছিল—ইরানের শীর্ষ নেতা এমন হতে হবে, যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা নয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য প্রার্থী নন। অন্যদিকে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে, তাকেই লক্ষ্যবস্তু করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































