Apan Desh | আপন দেশ

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ১০ মার্চ ২০২৬

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক ডিগ্রি

ছবি: আপন দেশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন আর এ পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকছে না।

মঙ্গলবার (১০ মার্চ) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগের নিয়মই বহাল থাকবে।

একই সঙ্গে ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও বাতিল করা হচ্ছে। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের একটি তালিকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করবে শিক্ষা বোর্ড।

আরও পড়ুন <<>> জুলাই আহত- শহীদ পরিবারের সঙ্গে শেকৃবির বৃহত্তর বগুড়া সমিতির ইফতার

জানা গেছে, ২০২৪ সালের মে মাসের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ছিল না। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে। সে প্রবিধানমালায় বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কেউ ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।

পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালা সংশোধন করে সভাপতি পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করে। এবার সে নিয়ম বাতিল করে আবারও ২০২৪ সালের আগের নিয়মে ফিরে যাচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়