ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ কয়েক দফায় পিছিয়েছে। প্রথমে চলতি মাসের ২৭ তারিখ কাতারের রাজধানী দোহায় ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারও ম্যাচ সেখান থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে।
এরপর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হলেও, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। কারণ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তাদের মাঠে ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে নিরপেক্ষ ভেন্যু নিয়ে আলোচনা চলছে।
ইতালির গণমাধ্যম ‘লা গ্যাজেটা দেলো স্পোর্ট’ জানিয়েছে, আলোচনায় রয়েছে দুটি সম্ভাব্য ভেন্যু— ইতালির মিলান বা পর্তুগালের লিসবন। লজিস্টিক দিক থেকে লিসবন সুবিধাজনক মনে হলেও, মিলানে সান সিরোর ঐতিহ্য ও আকর্ষণ তুলনাহীন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সমস্ত টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ফলে বেশকিছু ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও ফিনালিসিমা অনিশ্চয়তায় পড়ে।
আরও পড়ুন <<>> এবার ঋতুপর্ণাদের পরীক্ষা ভারতে
স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রাফায়েল লুজান বলেন, উয়েফা ও কনমেবল একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যেখানে ছয়টি খেলার মধ্যে স্পেন বনাম আর্জেন্টিনা (২৭ মার্চ), মিশর বনাম স্পেন (৩০ মার্চ), সৌদি আরব বনাম সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা বনাম কাতার (৩১ মার্চ) অন্তর্ভুক্ত। আমাদের একটি সমস্যা আছে, কিন্তু কাতার ও সৌদি আরবেরও।
এর আগে উয়েফা জানিয়েছিল, স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ম্যাচ সফল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদি দোহা উচ্চ ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে ম্যাচ স্পেন বা ইউরোপের অন্য কোনো স্থানে আয়োজন করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































