ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের সংকট দূর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত তেল আমদানির অনুমতি দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম সরকারের প্রতি এ আহবান জানান।
সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, জ্বালানি সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাস্তবতা বিবর্জিত রেশনিং পদ্ধতি নতুন সরকারকে জনগণের সমালোচনার মুখে ফেলেছে। বিপিসির চেয়ারম্যান ও কিছু কর্মকর্তা জ্বালানি সচিবকে ভুল তথ্য দিয়ে অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গত ১০-১২ দিনে সারাদেশে জ্বালানি তেলের বড় ঘাটতি তৈরি করেছেন।
তিনি বলেন, এমনকি সরকারি ছুটির দিনেও তেল কোম্পানির কর্মীদের অতিরিক্ত সময় কাজ করিয়ে দেশের বিভিন্ন ডিপো খোলা রেখে রেশনিং করে জ্বালানি সরবরাহ করা হয়েছে। এতে স্বাভাবিক দিনের তুলনায় অর্ধেকেরও কম তেল বরাদ্দ দেয়া হয়েছে, যা প্রতারণামূলক বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তাদের জানা মতে দেশের অনেক ডিপোতেই তেল সংরক্ষণের জায়গা নেই। জাহাজে করে আনা তেল জেটিতে অপেক্ষা করলেও ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। ফলে সরকার নির্ধারিত নিয়মে বিক্রি শুরু করার পর মাত্র দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই অধিকাংশ পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সরকারিভাবে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার কথা বলা হলেও বাস্তবে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। সাড়ে ১৩ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংকলরি দূরবর্তী এলাকা থেকে ডিপোতে গেলেও সেখানে চার থেকে ছয় হাজার লিটার তেল দেয়া হচ্ছে। এতে পরিবহন ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। অথচ সরকার নির্ধারিত অভিন্ন দামে জ্বালানি বিক্রি করতে হয়, ফলে অতিরিক্ত ব্যয় সমন্বয়ের সুযোগ নেই।
আরও পড়ুন<<>> প্রশ্নফাঁসসহ নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী
তিনি জানান, গত ১০-১২ দিন ধরে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহের কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা আগামী এক মাসেও পূরণ করা কঠিন। তাই ডিলারদের চাহিদা অনুযায়ী দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
তার মতে, যদি সরকার পর্যাপ্ত তেল আমদানি করতে না পারে বা সময় বেশি লাগে, তাহলে যেসব ব্যবসায়ীর পক্ষে জ্বালানি তেল আমদানি করে বিপিসিকে সরবরাহ করা সম্ভব, তাদের মাধ্যমে দ্রুত আমদানির অনুমতি দিয়ে সাময়িকভাবে এ সংকট মোকাবিলা করা যেতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































