Apan Desh | আপন দেশ

প্রথমবারের মতো ট্রেনে চালু হচ্ছে স্টারলিংক ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ১৪ মার্চ ২০২৬

প্রথমবারের মতো ট্রেনে চালু হচ্ছে স্টারলিংক ইন্টারনেট

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কানেক্টিভিটি চালু করেছে।

পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বুধবার (১১ মার্চ) দুই দফা পরিদর্শন করেছেন। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীরা এখন ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি সরকারের উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এ ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে সুবিধাটি পাওয়া যাবে তিনটি ট্রেনে— পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সরকার দেশের কানেক্টিভিটি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, ভবিষ্যতে সেবাটিকে আরও উন্নত করা হবে।

আরও পড়ুন <<>> সংসদে ব্যবহৃত হেডফোনের দাম কত

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বিএসসিএল দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করে যাচ্ছে। চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর ফলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন এবং রেলভ্রমণ হবে আধুনিক ও সুবিধাজনক।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও বেশি চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এতে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ সহজেই করতে পারবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়