Apan Desh | আপন দেশ

নেপালে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৬, ৫ মার্চ ২০২৬

নেপালে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত

হিমালয়কন্যা নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ৭টা (গ্রিনিচ মান সময় ১টা ১৫ মিনিট) থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নেপালের পার্লামেন্টের দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে অংশ নিতে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ প্রথমবারের ভোটার অন্তর্ভুক্ত রয়েছে।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্নীতিবিরোধী প্রাণঘাতী আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকার পতনের ছয় মাস পর দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু রাজনৈতিক দল ও কয়েকজন রাজনীতিবিদ নেপালের এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন। তাদের একজন ৩৫ বছর বয়সী তরুণ রাজনীতিক বালেন্দ্র শাহ যিনি ‘বালেন শাহ’ নামে পরিচিত। বালেন শাহ এবারের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) হয়ে লড়ছেন। 

২০২২ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরএসপি চতুর্থ অবস্থানে ছিল। দলটির পক্ষ থেকে বালেন শাহকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন<<>>ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

অন্যদিকে, এ নির্বাচনে আরেক শক্তিশালী প্রতিপক্ষ নেপালি কংগ্রেস। দলটি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পরিবর্তে ৪৯ বছর বয়সী গগন থাপাকে নেতা নির্বাচিত করেছে। গগন থাপা প্রভাবশালী প্রার্থী।

ভোটের লড়াইয়ে থাকা অন্য প্রধান পক্ষগুলোর মধ্যে রয়েছে কে পি শর্মা ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল)। এছাড়া মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডর নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টিও এবারের নির্বাচনে প্রভাবশালী একটি পক্ষ। 

নেপালের পার্লামেন্টে মোট আসন ২৭৫টি। তার মধ্যে ১৬৫টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয় সরাসরি ভোটে, অর্থাৎ ওই আসনের প্রতিটিতে যে দলের প্রার্থী বেশি ভোট পান, তিনি জয়ী হন। অন্য ১১০টি আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে বণ্টিত হয়। 

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালে জেন-জি আন্দোলনে সরকার পতন হয়। পরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তখন থেকে দেখা দেয় রাজনৈতিক অনিশ্চয়তা। ওই আন্দোলনের ছয় মাস হওয়ার আগেই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়