Apan Desh | আপন দেশ

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫১, ৪ মার্চ ২০২৬

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।

বুধবার (০৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়। তার দাবি, জাহাজটি নিজেকে নিরাপদ মনে করলেও মার্কিন বাহিনীর হামলায় সেটি ডুবিয়ে দেয়া হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া জাহাজটির নাম নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

এদিকে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ‘আইআরআইএস দেনা’ নামের একটি ইরানি যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে ডুবে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন <<>> ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। হামলার পর ইরানি জাহাজ থেকে বিপদসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালানো হয়। এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। উদ্ধার ও হতাহতের তথ্য অনুযায়ী, এখনো প্রায় ৬৮ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়