ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছেন। রোববার (০১ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, হামলায় কয়েকজন সেনা শার্পনেলের আঘাত ও মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।
বিবৃতিতে বলা হয়, অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রতিক্রিয়ামূলক সামরিক কার্যক্রমও চলমান আছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নিহত সেনাদের পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। নিহতদের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি-মার্কিন যৌথ বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
এ হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। দেশটি তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
আরও পড়ুন <<>>বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































