Apan Desh | আপন দেশ

ঋতুরাজ-ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানে উপচে পড়া ভিড়

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঋতুরাজ-ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানে উপচে পড়া ভিড়

ছবি: আপন দেশ

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি আজ বর্ণিল। চারদিকে শিমুল আর পলাশের রক্তিম আভা। এরই মধ্যে কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। টাঙ্গাইল জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। তরুণ-তরুণীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভালোবাসা দিবস উপলক্ষে বদলে গেছে বিনোদন কেন্দ্রগুলোর চেহারা। টাঙ্গাইল পৌর উদ্যান এখন ঝলমলে। ডিসি লেক ও এসপি পার্কে চলছে আলোকসজ্জা। এছাড়া মণতলা ও ঘারিন্দা সোলপার্ক সেজেছে নতুন লুকে। বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের ভিড় সামলাতে পার্কগুলোতে অতিরিক্ত আসন ও সেলফি জোন তৈরি করা হয়েছে।

শহরের প্রধান ফুলের দোকানগুলোতে এখন পা ফেলার জায়গা নেই। ভিক্টোরিয়া রোড ও নিরালা মোড় এলাকায় চলছে রমরমা ব্যবসা। দোকানিরা লাল গোলাপের বিশাল মজুদ করেছেন। রজনীগন্ধা, জারবেরা ও অর্কিডের চাহিদাও আকাশচুম্বী। ক্রেতারা অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন প্রিয়জনের জন্য।

দোকানিরা জানান, এবার বসন্ত ও ভালোবাসা দিবস কাছাকাছি সময়ে। তাই ফুলের চাহিদা অন্য বছরের চেয়ে অনেক বেশি। দাম কিছুটা চড়া হলেও মানুষ হাসিমুখে ফুল কিনছে। লাল গোলাপের প্রতি ক্রেতাদের টান সবচেয়ে বেশি।

শহরের সমবায় মার্কেট ও মেইন রোডের গিফট শপগুলো বাহারি পণ্যে সাজানো। কার্ড, মগ, শোপিস ও পারফিউম বিক্রির ধুম পড়েছে। অনেক দোকানে দেয়া হচ্ছে বিশেষ ডিসকাউন্ট। অন্যদিকে, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোও পিছিয়ে নেই। তারা আয়োজন করেছে 'ভ্যালেন্টাইন স্পেশাল ডিশ'। প্রিয় মানুষকে নিয়ে ডিনার করতে টেবিল বুকিং চলছে আগেভাগেই।

উৎসবের আনন্দ যেন কোনো অপ্রীতিকর ঘটনায় ম্লান না হয়, সেদিকে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহামম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পার্ক ও বিনোদন কেন্দ্রে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়