ছবি: সংগৃহীত
২০২২ সালের গণঅভ্যুত্থানের সময় এক সংসদ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। ওই সময় দেশজুড়ে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
তদন্তকারীরা আদালতকে জানান, নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালা তার গাড়ি আটকে রাখা বিক্ষোভকারীদের ওপর গুলি চালান। পর জনতার হাতে পিটুনিতে তিনি নিহত হন।
মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আথুকোরালা একটি ভবনে আশ্রয় নেয়ার চেষ্টা করেছিলেন। তবে প্রায় পাঁচ হাজার মানুষ তাকে ভিড়ে ফেলে। অভিযোগ রয়েছে, হামলায় তার দেহরক্ষীরাও অংশ নেন।
খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের প্রতিবাদে ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটাতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
গাম্পাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ১২ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় অভিযুক্ত আরও ২৩ জনকে খালাস দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে।
শ্রীলঙ্কায় ১৯৭৬ সালের পর থেকে আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে গুরুতর অপরাধে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে নিয়মিতভাবে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে।
২০২২ সালের ওই বিক্ষোভের সময় সরকারদলীয় আইনপ্রণেতাদের প্রায় ৭৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সমর্থকরা রাজধানী কলম্বোয় একটি শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতা চালান।
আরও পড়ুন <<>> থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থী জিম্মির চেষ্টা
পরবর্তী সময়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। ওই বছরের এপ্রিল মাসে শ্রীলঙ্কা প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি হলে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র হয়।
রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহে ২০২৩ সালের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ সহায়তা নিশ্চিত করেন। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকের কাছে পরাজিত হন। ক্ষমতা গ্রহণের পর দিশানায়েকে পূর্বসূরিদের কৃচ্ছ্রসাধন নীতি বহাল রেখে দেশের অর্থনীতি স্থিতিশীল করার উদ্যোগ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































