ড. আব্দুল মঈন খান।
বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে বারবার দেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। গত ৫৫ বছরের ইতিহাসে যখনই কোনো সংকট এসেছে, দেশের সাধারণ মানুষই তার সমাধান করেছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পলাশে নিজ বাসভবন চরণগর্দীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি তার বাবার কবর জিয়ারত করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর এটিই ছিল তার এলাকার মানুষের সাথে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
নিজেকে জনগণের সেবক ও কর্মী উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। এ দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে।
রাজনীতিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ বা শহরের অভিজাত শ্রেণি যখন ভুল করেছে, তখন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনে নিয়ে যেতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































