ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশের সেবা করার সুযোগ পেয়ে কেউ যেন ভবিষ্যতে আর কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী শাসক হয়ে না ওঠে। ২০২৪ সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণা ও সতর্কবার্তা। এ মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দৃশ্য দেখেছে আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশে এ দৃশ্য যেন আর পুনরাবৃত্তি না হয়। দেশের সেবা করতে এসে কর্তৃত্ববাদী সরকার কেউ যেন না হয়ে ওঠে সেই অনুপ্রেরণা চব্বিশের জুলাই।
তিনি বলেন, আন্দোলন করতে গিয়ে গেলো ১৮ বছরে অনেক নেতাকর্মী শহিদ হয়েছে। ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। এছাড়াও জুলাই আগস্টের যে অকর্ত্য নির্যাতন করে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তা দেশের নিকৃষ্ট ইতিহাস। আমি দিনাজপুর-৬ আসনের মানুষের পাশাপাশি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির ওপর দেশ সেবায় আস্থা রাখার জন্য।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































