ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
এমনকি ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ উঠছে। তবে ইসরায়েলের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী গণহত্যা করছে না এবং গাজায় যা হচ্ছে তা গণহত্যা নয়।
মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় তাদের সামরিক অভিযানে গণহত্যা চালাচ্ছে না।
এমনকি গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার বিষয়ে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের সমালোচনাও প্রত্যাখ্যান করেছেন বাইডেন। হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি প্রত্যাখ্যান করছি।’
আরও পড়ুন <> ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
এদিকে ফিলিস্তিনিপন্থিদের কাছ থেকে প্রতিবাদের মুখোমুখি হয়েছেন বাইডেন।এসব বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থনের জন্য বাইডেনকে ‘জেনোসাইড জো’ হিসেবে আখ্যায়িত করেছেন।
রয়টার্স বলছে, সোমবার হোয়াইট হাউসের ওই ইভেন্টে বাইডেন গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার কথা সামনে এনে ইসরায়েল নিজেই ‘ভিকটিম’ বলে জোর দেন। তিনি বলেন, ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।
তিনি বলেন, ‘আমরা (হামাস নেতা ইয়াহিয়া) সিনওয়ার এবং হামাসের বাকী কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আমরা ইসরায়েলের সাথে কাজ করছি যাতে হামাসকে পরাজিত করা যেতে পারে।’
এ ছাড়া প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত রোববার মোরহাউস কলেজে নিজের প্রারম্ভিক বক্তৃতায়ও বাইডেন এটির পুনরাবৃত্তি করেন।
এদিকে গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।
আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দফতর থেকে করা হয়েছে এ আবেদন। তবে বাইডেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের এ আবেদন প্রত্যাখ্যান করেছেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































