Apan Desh | আপন দেশ

কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩০, ৯ নভেম্বর ২০২৬

কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড

রাসেল ব্র্যান্ড। ছবি: সংগৃহীত

ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। তাকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে তার এ কারাদণ্ড হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় দেন।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ করেন তিনি। এ সময় আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর দায়েই গত সপ্তাহে দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সি রাসেল ব্র্যান্ড।

মাদক ও অ্যালকোহলে আসক্তি এবং বিতর্কিত স্ট্যান্ডআপ কমেডির জন্য পরিচিত এ ব্রিটিশ তারকা নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার দাবি ছিল, নারীদের সঙ্গে তার সব সম্পর্কই ছিল পারস্পরিক সম্মতিতে।

তবে বৃহস্পতিবার আটজন পুরুষ ও চারজন নারী বিচারকের সমন্বয়ে জুরি বোর্ড গঠিত হয়। ছয় অভিযোগকারীর মধ্যে চারজনের ওপর চালানো যৌন নিপীড়নের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেন। অবশ্য তার বিরুদ্ধে ধর্ষণের আরও দুটি অভিযোগ ছিল। এছাড়া শালীনতাবিরোধী আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

সাজা ঘোষণার শুনানিতে ভুক্তভোগীরা তাদের ওপর চালানো নির্যাতনের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণা ও দীর্ঘমেয়াদি প্রভাবের কথা তুলে ধরেন।

সাজা ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান রাসেল ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ব্র্যান্ড মনে করতেন, খ্যাতি থাকলে যখন যেভাবে ইচ্ছা আচরণ করা যায়। সাধারণ ভদ্র মানুষের মতো নিয়মকানুন মেনে চলার প্রয়োজন নেই।

আরও পড়ুন<<>> ব্যবসায়িক সাম্রাজ্যে বড় সংকটে অনন্ত জলিল

নারীদের প্রতি তার আচরণে ‘উদাসীনতা ও ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা’ ছিল বলেও মন্তব্য করেন বিচারক।

তিনি বলেন, প্রায় ২০ বছর আগে রাসেল ব্র্যান্ড, আপনি জনপ্রিয় হয়ে উঠছিলেন। আপনি ছিলেন বুদ্ধিমান, অনেকের চোখে মজার ও আকর্ষণীয়। একই সঙ্গে আপনি একজন যৌন শিকারিও হয়ে উঠেছিলেন।

বিচার চলাকালে নিজেকে ধর্মপ্রাণ খ্রিষ্টান হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন রাসেল ব্র্যান্ড। তবে সাজা ঘোষণার শুনানিতে তাকে তেমন কোনো আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। তিনি বরাবরই সম্মতি ছাড়া যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন।

তার আইনজীবী ইয়ান উইন্টার বলেন, রাসেল ব্র্যান্ড এখন আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষ। দীর্ঘদিন ধরেই তার মধ্যে এ পরিবর্তন এসেছে। তিনি মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকেও মুক্তি পেয়েছেন।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়