ছবি: আপন দেশ
রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর অন্তত ১১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও সন্ধ্যায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় ডিএমপি ছয়জনকে গ্রেফতার করেছে। এছাড়াও আটক হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর একাধিক স্থানে এসব ঘটনা ঘটে।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে রয়েছি। ইতোমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছি।
এরপর রাজধানীর মিরপুর ১১ নম্বরে পার্কিং করা এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, দুদিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকা উচিত।
আরও পড়ুন <<>>এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
এছাড়া রাজধানীর টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপকারী সন্দেহে ছাত্ররা একজনকে আটকও করেছে। পাশাপাশি জেলা জজ কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে রাজধানীর শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে এখন পর্যন্ত ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ছয়জন গ্রেফতার হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল আটকের খবরও জানিয়েছে ডিএমপি।
এদিন সন্ধ্যার দিকে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সাইন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এছাড়া সকালে তিতুমীর কলেজ ও রামপুরা বনশ্রী এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে। এদিকে রাজধানীর আদাবরে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































