Apan Desh | আপন দেশ

আড়ালে থাকা ফারিণকে নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৬, ৮ অক্টোবর ২০২৬

আড়ালে থাকা ফারিণকে নিয়ে নতুন গুঞ্জন

ফাইল ছবি

বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই সমানভাবে প্রশংসিত তিনি। কিন্ত অনেক দিন ধরেই এ অভিনেত্রীকে কোনো মাধ্যমেই দেখা যাচ্ছে না। সবকিছু ছেড়ে যেন আড়ালে চলে গেছেন ফারিণ।

চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঢালিউড সিনেমা ‘প্রিন্স’। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ফারিণ। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সুপার ফ্লপ হয়। 

এর পর থেকে এখন পর্যন্ত এ অভিনেত্রীর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ নতুন কোনো ছবি বা বার্তা প্রকাশ করলেই ভক্তদের একটাই কৌতূহল-কবে আসবে তার নতুন সিনেমা? 

রুপালি পর্দায় ফারিণের যাত্রা শুরু হয় ‘ফাতিমা’ সিনেমা দিয়ে। এরপর তিনি ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছুদিন নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে। 

আরও পড়ুন<<>>বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার আগে কলকাতার মেগাস্টার দেবের ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সে কাজটি আর হয়ে ওঠেনি। 

এর মধ্যে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনেকটাই আড়ালে চলে যান এ অভিনেত্রী।

‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি নতুন পোস্ট দেখে ভক্তদের মাঝে নতুন সিনেমার জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, সেটি কোনো সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপনের কাজ ছিল।

সে বিজ্ঞাপনচিত্রের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে এখন পর্যন্ত আর কোনো গুঞ্জন বা আনুষ্ঠানিক ঘোষণা শোনা যায়নি। ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার বড় পর্দায় ফিরবেন এ অভিনেত্রী। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়