Apan Desh | আপন দেশ

পাথরখনিতে পড়ে ভারতীয় মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ২ জুন ২০২৬

পাথরখনিতে পড়ে ভারতীয় মডেলের মৃত্যু

দিব্যাংশু জোশি। ছবি: সংগৃহীত

কেরালার একটি পরিত্যক্ত পাথরখনিতে ফটোশুট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দিল্লির ২৬ বছর বয়সী মডেল দিব্যাংশু জোশি। এ মর্মান্তিক ঘটনার পর ভারতের ফ্যাশন অঙ্গনে নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ২৮ মে কেরালার এরনাকুলাম জেলার মুদাকুঝা এলাকার একটি পানিভর্তি পরিত্যক্ত খনিতে ডুবে মারা যান দিব্যাংশু। তিনি জনপ্রিয় পোশাক ব্র্যান্ড কার্তিক রিসার্চের দিল্লি শোরুমের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একটি মৌসুমি প্রচারণার ফটোশুটে অংশ নিতে তিনি কেরালায় গিয়েছিলেন।

স্থানীয়দের কাছে খনিটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। প্রায় দুই দশক ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা গভীর এ খনিতে সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনার পর একাধিক অসঙ্গতির বিষয় সামনে আসে। স্থানীয় পুলিশ জানায়, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেয়া হয়নি। এছাড়া ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যেও অসামঞ্জস্য দেখা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দৃশ্য ধারণের সময় দিব্যাংশু হঠাৎ খনির গভীর অংশে পড়ে যান। পরে উদ্ধারকারী দল প্রায় ৩০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, ব্র্যান্ডটির পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিষ্ঠাতা কার্তিক কুমরা নিজেই পানিতে নেমে দিব্যাংশুকে খোঁজার চেষ্টা করেছিলেন। তবে এ দাবি নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।

আরও পড়ুন <<>> থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ

স্থানীয় থানার কর্মকর্তা সারিন এএস বলেন, দিব্যাংশু পানিতে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের জন্য কেউ খনিতে ঝাঁপ দেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কার্তিক রিসার্চ। অনেকেই প্রশ্ন তুলেছেন, অনুমতিবিহীন এবং ঝুঁকিপূর্ণ একটি স্থানে কেন ফটোশুটের আয়োজন করা হয়েছিল।

সমালোচনার মুখে ৩১ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সেখানে দিব্যাংশুকে ‘প্রিয় সহকর্মী ও বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়। তার মৃত্যুতে গভীর শোকও প্রকাশ করা হয়।

এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে দিব্যাংশু জোশির মৃত্যু ইতোমধ্যেই ভারতের ফ্যাশন জগতে নিরাপত্তা মানদণ্ড ও দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়