Apan Desh | আপন দেশ

মা দিবসে আবেগাপ্লুত ওমর সানী

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৬, ১০ মে ২০২৬

মা দিবসে আবেগাপ্লুত ওমর সানী

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা ওমর সানীর জন্মদিন ছিল ৬ মে। তবে নিজের জন্মদিন ঘিরে খুব বেশি উচ্ছ্বাসে মেতে ওঠেন না তিনি। যদিও স্ত্রী মৌসুমী ও সন্তান প্রতি বছরই দিনটি বিশেষভাবে উদযাপনের চেষ্টা করেন। তবুও জন্মদিন এলেই মায়ের শূন্যতা আরও গভীর হয়ে ধরা দেয় এ অভিনেতার জীবনে।

২০০০ সালের ২৩ মে মাকে হারান ওমর সানী। সে থেকে জন্মদিন যেন তার কাছে আনন্দের নয়, বরং বেদনার দিন। দিনটি নীরবে কাটে বাসায়। মায়ের স্মৃতিতে ভারী হয়ে ওঠে মন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই মায়ের প্রতি ভালোবাসা আর শূন্যতার কথা তুলে ধরেন তিনি।

এবার মা দিবস সামনে রেখে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। মাকে ঘিরে সে বিশেষ দিনটিও কাঁদায় এ নায়ককে। ক্যারিয়ারের শুরু থেকে এ নায়কের মা নানাভাবে ছায়ার মতো পাশে থেকেছেন।

ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন তার বিয়ের সময়ের স্মৃতিচারণা। ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের শুরু থেকেই বড় ভূমিকায় ছিলেন তার মা। সবার আগে যেমন এ নায়ক সব কিছু মায়ের কাছে ভাগাভাগি করতেন, ঠিক তেমনি তার মা সবসময় ক্যারিয়ারের সব পরিস্থিতিতে সন্তানের পাশে থেকেছেন, যা ঘুরেফিরে এসেছে ওমর সানীর লেখায়।

শনিবার (০৯ মে) ওমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— ১৯৯৫ সালের কথা। সে দিনে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাসা তখন ডিওএইচএস মহাখালীতে। আমি এবং মৌসুমী সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব।

সেদিনেই ওমর সানী বিয়ের কথা মাকে জানান। পরিবার কী বলবে, মেনে নেবে কি না, সে প্রশ্নে উদ্বিগ্ন ছিলেন তিনি। পরে পাশে ছিলেন তার মা। 
সেদিনের ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন— তখন অনেক ভেবেচিন্তে আমার মা বিয়ে পড়ানোর জন্য কাজী ডাকেন। আমাদের বিয়ে দেন। সেখান থেকে আজ অবধি আমরা একসঙ্গে আছি।

ওমর সানী মা দিবস সামনে রেখে মাকে স্মরণ করে লিখেছেন— আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। আর এ দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি তোমাকে অনেক মিস করি, আই লাভ ইউ মা।

ওমর সানী আরও লিখেছেন— একবার শুটিংয়ে চাবুকের আঘাতে আমার জ্বর আসে। শুরুতে কিছুই বুঝতে পারিনি। রাতে বাসায় ফেরার পর তার মা দেখলেন— ছেলের পিঠ লাল হয়ে আছে। এরপর তো হুলুস্থুল অবস্থা। 

আরও পড়ুন <<>> কে এই আরজিন কামাল?

সে অভিজ্ঞতা শেয়ার করে ওমর সানী বলেন, শরীরের অবস্থা দেখে আমার সহকারীকে ডাকেন মা। চিৎকার করে বলতে থাকেন— কী হয়েছে আমার ছেলের? এ ছবির পরিচালক কে? তারে ডেকে নিয়ে আসো। আমার ছেলের এ অবস্থা কেন করছে? নায়িকাই-বা কে ছিল, কেন এভাবে আঘাত করেছে? বোনদের ডেকে অস্থির, একপর্যায়ে মা কাঁদতে থাকেন। তারপর মাকে বুঝিয়ে শান্ত করা হয়। পরে রাতে আমার গায়ে জ্বর চলে আসে। সে জ্বর নিয়েই পর দিন আবার শুটিং যাই।’ সেদিনও মায়ের ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ওমর সানী।

মায়ের মৃত্যু হওয়ায় জন্মদিনটিও তার ভালো কাটে না। গত বছর জন্মদিনেও মায়ের স্মৃতি তাকে কাঁদিয়েছে। এ নিয়ে গত বছর ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে ওমর সানী লিখেছিলেন— আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এ মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পর থেকে এ দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি। আমি চাইও না দিনটা উদযাপনের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়