Apan Desh | আপন দেশ

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর 

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৩, ২৯ জুলাই ২০২৬

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর 

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারালেন থেকে অর্ণব সাহা (২২) নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় পুকুর থেকে অর্ণবের মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অর্ণব সাহা কয়েকজন বন্ধুর সঙ্গে হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তার সহপাঠীরা লক্ষ্য করেন, অর্ণবকে কোথাও দেখা যাচ্ছে না। পরে তারা তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন এবং টর্চের আলো ফেলে পুকুরে খোঁজাখুঁজি চালান।

শিক্ষার্থীদের চিৎকার ও কোলাহল শুনে আশপাশের বিভিন্ন হল থেকে অন্য শিক্ষার্থীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পুকুরঘাটের পাশে পানির নিচে অর্ণবের নিথর দেহ দেখতে পান এক শিক্ষার্থী। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার বলেন, তারা নিজ নিজ হলে অবস্থান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, কয়েকজন শিক্ষার্থী পুকুরে অর্ণবকে খুঁজছেন। কিছুক্ষণ পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন<<>>মাভাবিপ্রবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান

চুয়েটের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজেশ দেব জানান, অর্ণবকে স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই চিকিৎসক দল প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল। তাকে উদ্ধার করার পর দ্রুত সিপিআরসহ জরুরি চিকিৎসা দেয়া হয়। তবে তার শরীরে জীবনের কোনো লক্ষণ পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা, তিনি বেশ কিছু সময় পানির নিচে থাকায় আগেই তার মৃত্যু হয়েছিল।

পরে উন্নত চিকিৎসার আশায় অর্ণব সাহাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, অর্ণব আর বেঁচে নেই।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও শিক্ষার্থীরা অর্ণবের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়