Apan Desh | আপন দেশ

নজরুল কলেজ সাংবাদিকের ওপর হামলা, শাস্তি দাবি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নজরুল কলেজ সাংবাদিকের ওপর হামলা, শাস্তি দাবি

ছবি : আপন দেশ

নির্বাচনে দায়িত্ব পালনকালে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলেজ সাংবাদিক সমিতি। এক যৌথ বিবৃতিতে হামলাকারীদের শাস্তির দাবি জানায় তারা।

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা'দ এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ।

জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় যান। এ সময় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে তিনি গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন<<>>হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাকসু নেতার খোলা চিঠি

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার 'পিচ্চি আজাদ'-এর অনুসারী। অভিযোগ রয়েছে, আজাদ ও তার দলবল বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম দ্বারা পুনর্বাসিত হয়ে এলাকায় বেপোরোয়াভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

কনকসাসের নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে হামলাকারীরা সরাসরি জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ করছে। এ বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতরা দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর শত্রু। এমন কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এছাড়াও কনকসাসের নেতৃবৃন্দ আগত সরকারের প্রতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহবান জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়